সময় পোস্ট: ৫ আগস্টকে কেন্দ্র করে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা চালানোর কোনো সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের ঘটনায় জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।তিনি বলেন, “৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা চালানোর কোনো সক্ষমতা নেই।”
দেশের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, একটি পক্ষ পরিকল্পিতভাবে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগের বিষয়ে তিনি বলেন, এসব ঘটনায় অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। সংশ্লিষ্ট ঘটনাগুলোর তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হবে।আশুলিয়ায় বোমাভর্তি ব্যাগ উদ্ধারের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
Reporter Name 








