এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। রোববার (৮ নভেম্বর) সকালে তিনি নতুন দায়িত্বে যোগ দেন। এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব গ্রহণের পর ফারুক আহমেদ বাহিনীর সদস্যদের সঙ্গে স্বাগত দরবারে অংশ নেন। এ সময় তিনি জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে নিয়মতান্ত্রিকভাবে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন। দেশের জননিরাপত্তা ও আইনের সুশাসন প্রতিষ্ঠায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বাহিনীর সব পর্যায়ের সদস্যদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান নতুন মহাপরিচালক। ১৯৯৮ সালে ১৭তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ফারুক আহমেদ। রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন তিনি। বর্ণাঢ্য কর্মজীবনে ফারুক আহমেদ ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানেও দায়িত্ব পালন করেছেন তিনি। ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে (ইইই) স্নাতক ডিগ্রি অর্জন করেন।
সময় পোস্ট ডেস্ক: 








